১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ৬০০০ লিটার ডিজেল জব্দ

সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল নেয়ার সময় অবৈধ ভাবে এসব তেল মজুদ করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

চট্টগ্রামে ‘মজুদ’ করা প্রায় ছয় হাজার লিটার ডিজেল জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিমান বন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের বিপরীতে মাদ্রাসা গেইট এলাকায় এ অভিযানে দুজনকে আটক করা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার  থেকে নজরদারিতে রাখার পর  শুক্রবার দুপুরে সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

“অভিযোনে ৩০টি ড্রাম ভর্তি ডিজেলগুলো উদ্ধার করে দুজনকে আটক করা হয়।"

ওসি বলেন, জব্দ করা ডিজেলের পরিমাণ ছয় হাজার লিটারের কাছাকাছি হতে পারে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোস্তফা।

এদিকে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছেন, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি চক্র জ্বালানি তেল সরিয়ে বিক্রির জন্য মজুদ করে।