Published : 29 Oct 2025, 11:13 PM
চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ও বাস্তবসম্মত মাশুল নির্ধারণের দাবি মানার আহ্বান জানিয়েছে বন্দর ব্যবহারকারীদের একটি সংগঠন।
বুধবার চট্টগ্রামের সিটি কনভেনশন হলে বন্দর ব্যবহারকারীদের সংগঠন ‘পোর্ট ইউজার্স ফোরাম’ এর সভায় বলা হয়েছে, ব্যবহারকারীরা চান তাদের সঙ্গে আলোচনা করে চট্টগ্রাম বন্দরের যৌক্তিক ও বাস্তবসম্মত শুল্ক নির্ধারণ হবে।
ব্যবসায়ীদের আপত্তির পরও গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল কার্যকর হয়। এতে বিভিন্ন সেবায় মাশুল আগের চেয়ে ৪১ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাড়তি মাশুল নিয়ে পোর্ট ইউজার্স ফোরাম আন্দোলনের ডাক দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে।
চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল স্থগিতে সাত দিনের সময় দিয়ে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা ‘বন্দর বন্ধের’ মত বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
সভায় পোর্ট ইউজার্স ফোরামের আহবায়ক ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, “দাবি আদায়ে আমরা সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এখন ব্যবহারকারীদের সঙ্গে নিয়ে আগামী ১০–১৫ দিনের মধ্যে বৈঠক হওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।
“আমরা চাই, ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে চট্টগ্রাম বন্দরের যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফ নির্ধারণ হোক।”
শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরওয়ার সভায় বলেন, “বন্দর ট্যারিফ ৪১ শতাংশ বেড়েছে বলে প্রচার করলেও কোনো কোনো ক্ষেত্রে ৩০০ শতাংশও বেড়েছে। বিপজ্জনক পণ্যের কনটেইনারে আগে ৩৭১ ডলার দিতাম। এখন ১৫০০ ডলার দিতে হচ্ছে।”
চট্টগ্রামের বাণিজ্যিক প্রসারে ওজন স্কেল ও বন্দর ট্যারিফকে প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করার পাশাপাশি চট্টগ্রাম চেম্বারকে জবাবদিহিমূলক ও ব্যবসায়ীবান্ধব করার প্রত্যয়ে বন্দর ব্যবহাকারীদের সংগঠনটি সভা ডাকে।
তবে এই সভা আগামী ১ নভেম্বর হতে যাওয়া চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ‘ইউনাইটেড বিজনেস ফোরাম‘ নামের প্যানেলের পরিচিতি সভা হয়ে ওঠে।
ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা মোহাম্মদ আমিরুল হক সভায় ব্যবসায়ীদের যে কোনো আন্দোলনে সামনে থাকার অঙ্গীকার করেন।
সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, বিজিএমইএ এর পরিচালক এম এ সালাম, বারভিডার সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
আগের খবর:
চট্টগ্রাম বন্দরের বাড়ানো মাশুল স্থগিতে ব্যবসায়ীদের হুঁশিয়ারি
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা ও পণ্য পরিবহনে 'অচলাবস্থা'