১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সংঘর্ষে ট্রাকের সঙ্গে উল্টাল ট্রেনের ইঞ্জিন, প্রাণ গেল একজনের

“দুর্ঘটনা কেন ঘটেছে, সেটি আমরা তদন্ত করে দেখছি,” বলছেন রেল কর্মকর্তা আনিসুর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় কনটেইনারবাহী ট্রেনের সঙ্গে চালবাহী ট্রাকের সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হক (৬০) পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জে।

চট্টগ্রাম জিআরপি থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কনটেইনারবাহী ট্রেনটি সিজিপিওয়াই থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। 

“এসময় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাবার সময় একটি ট্রাক লাইনে উঠে পড়ে এবং ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি উল্টে গিয়ে ওই বৃদ্ধকে চাপা দিলে তার মৃত্যু হয়।”

সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন ও একটি কনটেইনার উল্টে গেছে বলে জানান তিনি।

পূর্ব রেল বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “দুর্ঘটনা কেন ঘটেছে, সেটি আমরা তদন্ত করে দেখছি।”