Published : 27 Oct 2025, 09:41 PM
বাণিজ্যিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কেনা নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি‘।
প্রতিদিন ২০ হাজার ডলারে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি তিন মাসের জন্য ভাড়া নিয়েছে হংকংভিত্তিক একটি কোম্পানি।
নতুন কেনা জাহাজ দুটির মধ্যে পণ্যবাহী ‘এমভি বাংলার প্রগতি‘ গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বুঝে নেয় শিপিং করপোরেশন। অপর জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা‘ ডিসেম্বরের প্রথম সপ্তাহে হস্তান্তর হওয়ার কথা রয়েছে।
হস্তান্তরের চার দিন পর সোমবার সকালে ‘এমভি বাংলার প্রগতি’ চীনের ঝিংঝিয়ান ইন্টারন্যাশনাল বাথ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে বলে জানান রাষ্ট্রীয় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি প্রথমে চীনের ঝুশান বন্দরে যাবে। সেখান থেকে ভাড়া নেওয়া প্রতিষ্ঠানের সূচি অনুযায়ী পণ্য পরিবহন করে অন্য বন্দরে যাবে। তবে বিএসসি সোমবার থেকেই ভাড়া পাবে।
ভাড়া বাবদ প্রতিদিন গড়ে ২০ হাজার ডলার, অর্থাৎ সাড়ে ২৪ লাখ টাকার মতো পাওয়া যাবে বলে জানান তিনি।
বিএসসি জানিয়েছে, ১৯৯ মিটার লম্বা ও ৩৩ মিটার প্রস্থের জাহাজটি ৬৩ হাজার ৭৭৭ টন পণ্য পরিবহনে সক্ষম। এর পানির নিচের অংশের গভীরতা (ড্রাফট) ১৮মিটার।
প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিএসসির নিজস্ব অর্থায়নে দুটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নামক কোম্পানির কাছ থেকে জাহাজ দুটি ৯৩৬ কোটি টাকায় কেনার চুক্তি হয়।
এ দুটি জাহাজ চীন থেকে সরবরাহ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির জাহাজ দুটি টানা ২০ বছর সেবা দিতে পারবে বলে মনে করছে বিএসসি।
বিএসসির এমডি মাহমুদুল মালেক বলেন, এমভি বাংলার নবযাত্রা জাহাজটি ডিসেম্বর প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের হাতে আসবে এবং বাণিজ্যিক যাত্রা শুরু করবে।
বাংলার প্রগতি জাহাজে মাস্টারসহ ক্রু আছেন ২৫ জন। মাস্টার হিসেবে জাহাজটি পরিচালনা করছেন ক্যাপ্টেন আশরাফ।
নতুন দুটি যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়াবে সাতে।