১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

এ ঘটনায় দুইজনকে আটকের তথ্য দিলেও তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 08:53 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত আবুল কাশেম (৫৫) স্থানীয় চরম্বা জামিউল উলুম মাদ্রাসার সুপারিনেটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। 

বুধবার বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে তাকে প্রতিবেশী মোহাম্মদ ইদ্রিসের লোকজন পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করা হয়। 

পরে উপজেলা হাসপাতালে নেওয়া হলে ওই শিক্ষককে মৃত আনার কথা বলেন চিকিৎসক। 

স্থানীয়দের বরাতে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “বাড়ির পাশের একটি জায়গা নিয়ে প্রতিবেশী মোহাম্মদ ইদ্রিসের পরিবারের সঙ্গে আবুল কাশেমের দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধর্পূণ জায়গায় ঘর করা নিয়ে সকালে ইদ্রিসের সঙ্গে কাশেমের বচসা হয়। 

“এক পর্যায়ে ইদ্রিস ও তার লোকজন কাশেমকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা ওই শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

এ ঘটনায় দুইজনকে আটকের তথ্য দিলেও তাদের নাম প্রকাশ করেননি ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা বলেন তিনি।