Published : 25 Dec 2025, 01:47 PM
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রামের গির্জায় বিশেষ প্রার্থনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর পাথরঘাটা জপমালা রানী ক্যাথিড্রাল গির্জায় বড়দিনের প্রার্থনা হয়। চট্টগ্রাম শহরে এটাই ক্যাথলিক খ্রিষ্টানদের সবচেয়ে বড় গির্জা।
এর আগে বুধবার রাতে বিশেষ প্রার্থনা, খ্রিষ্টীয় গান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বড়দিন উপলক্ষে নগরীর গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় ঝলমল করছে গির্জা প্রাঙ্গণ। যিশুর জন্ম মুহূর্তসহ তার জীবনের বিভিন্ন ঘটনার আদলে সাজানো হয়েছে প্রতিকৃতি, যা দেখতে ভিড় করছেন ভক্তরা।

বুধবার রাত ৯টায় নগরীর পাথরঘাটা জপমালা রাণী ক্যাথিড্রালে ইংরেজিতে মহা খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। এই খ্রিষ্টযাগ পরিচালনা করেন চট্টগ্রাম মহা ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রডিক্স।
সেখানে রাত ১২টায় বাংলায় খ্রিষ্টযাগ পরিচালনা করেন চট্টগ্রাম মহা ধর্ম প্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার।
প্রার্থনায় তিনি বলেন, "প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে। আমরা একে অন্যকে যেন এই ভালোবাসা দেখাতে পারি।
"আমাদের এই দেশ যেন শান্তিতে থাকে। আমরা যেন সবাই একে অন্যের মাঝে শান্তি ছড়িয়ে দিতে পারি, এটাই প্রার্থনা।"

এরপর বৃহস্পতিবার সকাল ৯টায় আরেকদফা বাংলায় খ্রিষ্টযোগ হয়। প্রার্থনায় দেশ-জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। প্রার্থনা শেষে সমবেতরা একে অন্যের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
পাথরঘাটা গির্জার পাশাপাশি নগরী এবং জেলার অন্য গির্জাগুলোতেও বড়দিনের বিশেষ প্রার্থনা হয়েছে। খ্রিষ্টান পরিবারগুলোর ঘরে ঘরে হয়েছে উৎসবের আয়োজন।
ঘরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। বানানো হয়েছে বিশেষ ধরনের কেক ও নানা মুখরোচক খাবার। নগরীর বড় হোটেলগুলোতেও আছে বড়দিনের বিশেষ আয়োজন।
বড়দিন উপলক্ষে নগরী ও জেলার গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র্যাবের টহলদল গির্জা এলাকায় টহল দিচ্ছে।
বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরঘাটা গির্জায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের উপস্থিতিতে সর্বধর্মীয় সম্মিলনের আয়োজন করা হয়েছে।