কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি মিরসরাই উপজেলার এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কারাগারে অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান।
মৃত নুরুল ইসলামের (৫৫) বাড়ি মিরসরাই উপজেলার তারাকাটিয়া গ্রামে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জেলার শাহ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে কারাগারে বুকে ব্যথা অনুভব করেন নুরুল ইসলাম। এসময় তাকে দ্রুত কারা হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার নুরুল ইসলামকে গত ৩১ জুলাই কারাগারে আনা হয়েছিল।
