গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে ঢাকায় নেওয়া হচ্ছে
তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হবে।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম থেকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান দুপুর ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরশাদ উল্লাহ ভাই বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন তিনি শঙ্কামুক্ত।
“পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য উনাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনাকে নিয়ে হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ঢাকায় উনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হবে।”
এর আগে বুধবার শেষ বিকেলে চট্টগ্রামের বায়েজিদে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। চালিতাতলী পূর্ব মসজিদের কাছে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ গণসংযোগের জন্য সেদিন চালিতাতলী এলাকায় গিয়েছিলেন। ওই দিন গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইরফানুল হক শান্ত ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। গুলিবিদ্ধ আমিনুল হক ও মর্তুজা হকও বিএনপির রাজনীতিতে জড়িত।
বুধবার গভীর রাতে এভায়কেয়ার হাসপাতালে এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছিলেন, “আমি এরশাদ উল্লাহ ভাইকে দেখে আসলাম, বুলেটটা উনার পেটের বাম সাইড থেকে ডান সাইডে বেরিয়ে গেছে। উনাকে এইচডিইউতে রাখা হয়েছে। উনার সাথে কথা বলেছি।
“তবে এটা খুব রিস্কি ছিল। উনি কিন্তু স্ট্যান্টিং করা এবং পেসমেকার আছে উনার। একজন পেসমেকারের রোগীর জন্য যে এটা কত রিস্কি হতে পারে!”
রিলেটেড লিংক-
