মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে নিহত ১
ট্রাকটি মেঘনা গ্রুপের ফ্রেশ ব্রান্ডের এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল।
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক উল্টে একজন নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরসরাই উপজেলার নিজামপুর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবদুর রহমান (৪২) জোরারগঞ্জ দক্ষিণ অলিনগরের বাসিন্দা; তিনি ভিক্ষুক ছিলেন।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক জাকির রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিলিন্ডার বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গিয়ে উল্টে যায়।
এসময় সড়ক বিভাজকে থাকা আবদুর রহমান মারা যান বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার পর ট্রাক ও সিলিন্ডারগুলো পুলিশ হেফাজতে নিয়েছে জানিয়ে পরিদর্শক জাকির বলেন, চালক ও সহকারীকে খুঁজে পাওয়া যায়নি।
ট্রাকটি মেঘনা গ্রুপের ফ্রেশ ব্রান্ডের এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল।
স্থানীয়রা জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে নিজামপুর বাজারে ফুটওভার ব্রিজের কাছে চট্টগ্রামমুখী সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকটি বিকট শব্দে উল্টে যায়। ট্রাক থেকে গ্যাস সিলিন্ডারগুলো ছড়িয়ে পড়ায় সড়ক বন্ধ হয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন চট্টগ্রামমুখী বিভিন্ন যানবাহনগুলোকে বিপরীত সড়ক দিয়ে ধীরগতিতে পার করায়। পরে পুলিশ এসে ট্রাক ও সিলিন্ডারগুলো হেফাজতে নেয়।
এদিকে ছড়িয়ে পড়া সিলিন্ডারগুলো তুলে সড়কে পুরোপুরি চালু করতে অন্তত দুই ঘণ্টা সময় লেগেছে বলে স্থানীয়দের ভাষ্য।
