Published : 02 Jun 2026, 11:34 PM
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) এক মাসের হিসাবে সর্বোচ্চ কন্টেইনার ওঠানামা হয়েছে সদ্য সমাপ্ত মে মাসে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, গত মাসে আমদানি ও রপ্তানি পণ্যের কন্টেইনার মিলিয়ে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারকে একক হিসেবে ধরে) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। ওই মাসে দৈনিক গড়ে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৮১ টিইইউস।
এর আগে এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি হয়েছিল ২০২৫ সালের অক্টোবরে। ওই মাসে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছিল এনসিটি।
বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাসির উদ্দিন বলেন, মে মাসে আমদানি কন্টেইনার ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।
বন্দরের এনসিটি টার্মিনালটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)।
২০২৫ সালের ৭ জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান এনসিটির অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছে।