১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০

কয়েকজনের অবস্থা গুরুতর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 01:51 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় আগুন লেগে অন্তত ১০ জন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার পশ্চিম গোমদণ্ডী এলাকায় কনফিডেন্স সল্ট লিমিটেডের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

এ ঘটনায় আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।

দগ্ধরা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) ও সেলিম উদ্দিন (৩০)।

তাদের মধ্যে দিদারুল আলমের শরীরের ৯৫ শতাংশ, লিটনের ৪০, জাহিদুলের ৩৫, সেলিমের ২০ শতাংশ, আলমের ৬৫, মাহমুদুল হকের ৬০, নূর নবীর ৪৫, উজ্জ্বলের ৫০, জাহিদ ও সিরাজুলের ১০ শতাংশ করে পুড়েছে।

বোয়ালখালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, সকালে কারখানার ভেতরে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন বাইরের কিছু শ্রমিক। এসময় শর্ট সার্কিট থেকে মেশিনে ও পাশে থাকা কাগজের আগুনে কয়েকজন আহত হয়েছে। 

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার আজাহারুল ইসলাম বলেন, “সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে আমরা কারখানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু পোড়া কাগজ দেখেছি। আমরা যাওয়ার আগেই সেখানকার লোকজন আগুন নির্বাপণ করে ফেলেছিল।” 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।