Published : 04 Oct 2025, 10:54 PM
ইতিহাসবিদ সুনীতি ভূষণ কানুনগো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
শনিবার বিকাল ৪টার কিছু পরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সুনীতি ভূষণের চাচাতো ভাই দোলন কানুনগো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শনিবার বিকালে কানুনগোপাড়ার বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে ওনার মৃত্যু হয়।
তিনি জানান, রোববার বেলা ১১টায় নিজ বাড়িতে উনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সুনীতি ভূষণ কানুনগোর এক ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন। এ ইতিহাসবিদের স্ত্রী এবং আরেক সন্তান আগেই মারা গেছেন। তিনি তার কাকাতো ভাইদের সঙ্গে কানুনগোপাড়ায় নিজ বাড়িতে থাকতেন।
পুলিনবিহারী কানুনগো ও সুচারুপ্রভা কানুনগোর ছেলে সুনীতি ভূষণ কানুনগো ১৯৩৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। উপমহাদেশের বিখ্যাত ঐতিহাসিক ড. কালিকারঞ্জন কানুনগো তার চাচা হন।
সুনীতি ভূষণ ১৯৬০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে এমএ এবং ১৯৭২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৬১ সালে স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় শিক্ষকতার পর ১৯৯৯ সালে অবসরে যান।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, ‘আ হিস্ট্রি অব চিটাগং’, ‘বাংলার ইতিহাস’, ‘বাংলার শাসনতান্ত্রিক ইতিহাস’, ‘দ্য চিটাগং লিভল্ট’, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রা ‘, ‘আ হিস্ট্রি অব দ্য চিটাগং হিল ট্র্যাকস’, ‘চাকমা রেসিসটেন্স টু ব্রিটিশ ডমিনেশন’, ‘বাংলায় বৈষ্ণব আন্দোলন’, ‘বাংলায় ভক্তিবাদ’, ‘চট্টগ্রাম চরিতাভিধান’ ও ‘চট্টগ্রামের প্রাচীন ইতিহাস’।