Published : 22 Nov 2025, 07:22 PM
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে ‘শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ’ (স্কপ)।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে স্কপের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার সভাপতির বক্তব্যে নগরীর তিন এলাকা দিয়ে চট্টগ্রাম বন্দর অবরোধের কর্মসূচি ঘোষণা দেন।
সে অনুযায়ী আগামী বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর অবরোধ কর্মসূচি পালন করা হবে। নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সামনে, মাইলের মাথা এবং বড়পুল পোর্ট কানেক্টিং রোডের মুখে স্কপের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।
কনভেনশনের ঘোষণাপত্রে বলা হয়, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ (এনসিটি) কোনো স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী, শ্রমিক ও বন্দরনির্ভর মানুষের জীবিকার জন্য হুমকি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি। এজন্য বন্দর অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে।
“চট্টগ্রাম বন্দরসহ সব লাভজনক স্থাপনা ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালসংক্রান্ত সব গোপন ও অস্বচ্ছ চুক্তি বাতিল করতে হবে।”
অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের প্রধান ও শ্রম বিশেষজ্ঞ সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন,“ চট্টগ্রাম বন্দর বিরাষ্ট্রীয়করণ, পাটকল ইজারা, সরকারি কল-কারখানা বন্ধ এবং শ্রমিক অধিকারের বিভিন্ন প্রশ্ন নিয়ে একটি জাতীয় ইশতেহার প্রয়োজন।”
ব্যবসায়ীদেরও বন্দর রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শ্রমিকদের দায়িত্ব শুধু রাস্তায় নামা নয়; জাতীয় সম্পদ রক্ষায় ব্যবসায়ীদেরও সমান ভূমিকা রয়েছে।”
তিনি ২৬ নভেম্বরের কর্মসূচির পর ঢাকায় শ্রমিক-ব্যবসায়ী ঐক্যকে জোরদার করার জন্য যৌথ আলোচনার প্রস্তাব ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
স্কপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খানের সঞ্চালনায় শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, স্কপের কেন্দ্রীয়নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাইফুজ্জামান বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিকফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল ও এ এ এম ফয়েজ হোসেন বক্তব্য দেন।