Published : 08 May 2026, 10:21 PM
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে ‘আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা’ শীর্ষক গীতি আলেখ্যে মেতে উঠেছিলেন চট্টগ্রামের সংস্কৃতিপ্রেমিরা।
শুক্রবার সকালে নগরীর দেওয়ানজি পুকুর পাড়ের মুক্তমঞ্চে অভ্যুদয় সংগীত অঙ্গনের এই আয়োজনে শিশুসহ বিভিন্ন বয়সী শিল্পীরা অংশ নেন।
অনুষ্ঠানে ছিল একক, দ্বৈত এবং সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের পূজা, প্রেম এবং প্রকৃতি পর্যায়ের বিভিন্ন গান। সংগীত পরিচালনা করেন শ্রেয়সী রায়।
কবিগুরুর একগুচ্ছ গান নিয়ে ‘কবি প্রণাম’ নামে এই সংগীতায়োজনটি করা হয়। শুরুতে শিশুর দল সমবেত কণ্ঠে ‘মাটি তোদের ডাক দিয়েছে’ গানে অনুষ্ঠানের সূচনা করে। এরপর শিশুশিল্পীরা পরিবেশন করে ‘হে সখা মম হৃদয়ে রহো’ শিরোনামের রবীন্দ্র সঙ্গীত।

এরপর ‘তোমায় গান শোনাব, ওগো দুখ জাগানিয়া’ গেয়ে শুরু হয় অভ্যুদয়ের শিল্পীদের দলীয় পরিবেশনা।
পরে ঊর্বসীর রুদ্রর কণ্ঠে ‘দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি’ বা শর্মিলা ব্যানার্জির ‘অলি বার বার ফিরে যায়’ কিংবা প্রিয়ন্তী চন্দর ‘ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে’ গানের মধ্য দিয়ে বৈশাখী সকালে এক অন্য আবহ ছড়িয়ে পড়ে শ্রোতাদের মধ্যে।
এছাড়া পান্না দাশ গেয়ে শোনান ‘ফিরে যাও কেন’ গানটি। ‘যা ছিল কালো ধলো, তোমার রঙে রাঙা হলো’ গানে বিদায়ী বসন্তকে মনে করিয়ে দেন ঝুলন কুমার।
কামনাশীষ সেনগুপ্ত ‘আরো আরো প্রভু,’ ভিনসেন্ট এলড্রিন ক্রাউলি ‘আমার জীবনপাত্র’ এবং ডালিয়া বড়ুয়া পরিবেশন করেন ‘এ পথ গেছে’। শ্রেয়সী রায়ের ‘দেখ সখা’ এবং আদৃতা রুদ্রের ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’ গান দুটিও মুগ্ধতা ছড়ায়।
শেষে ‘ওরা সুখের লাগি চাহে প্রেম’ সমবেত গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।