১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন আসলামের অনুসারীরা

দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ তৈরি হওয়ার তথ্য দিয়েছেন কুমিরা থানার ওসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 08:19 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

সংসদ নির্বাচনে ভোটে জিতলেও ‘ঋণ খেলাপি হওয়ায়’ সর্বোচ্চ আদালত থেকে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তার অনুসারীরা। 

তারা মঙ্গলবার বিকাল ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও বিভিন্নভাবে সড়ক অবরোধ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় তিন ঘণ্টা মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভের পর সন্ধ্যা ৬টার দিকে তারা অবরোধ তুলে নেন। 

কুমিরা হাইওয়ের থানার ওসি নুরুল আবসার বলেন, “৬টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়েছে। বেশকিছু সময় সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এ কারণে গাড়ির গতি কিছুটা ধীর। অল্প সময়ের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে।” 

এর আগে বিকেলে অবরোধের কারণে চট্টগ্রাম নগরীর সিটি গেইট থেকে থেকে বড় দারোগার হাট পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার তথ্য দিয়েছিলেন ওসি।