Published : 21 Jun 2026, 06:22 PM
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় ফুটপাতের ওপর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যাকে ‘পিটিয়ে মারা হয়েছে’ বলে পুলিশের ধারণা।
রোববার সকালে পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুলের গেইটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
উদ্ধার করা লাশটি ধনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার বাসিন্দা মো. জয়নালের (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোরে রেলওয়ে পাবলিক স্কুলের ভেতর থেকে ‘আহত অবস্থায়’ চারজন ধরে জয়নালকে সড়কে ফেলে রাখে। এসময় তাকে সেখানে লাথি মারা হয়। এসময় তার মৃত্যু হয়।
স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ বসু সাংবাদিকদের বলেন, “শুনেছি দেয়াল টপকে নেশাগ্রস্ত একজন স্কুল প্রবেশ করেছে।”
তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেননি এই শিক্ষক।
এদিকে নিহত জয়নালের স্বজনরা অভিযোগ করেছেন, আগের রাতে তাকে ‘মারধর করে বৈদ্যুতিক শক’ দেওয়া হয়েছিল। এর কারণে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে যুবকটিকে পিটিয়ে খুন করা হয়েছে।”
বৈদ্যুতিক শক দেওয়া নিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।