১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘নকল চাবি’ দিয়ে বুথের ড্রয়ার খুলে ১৭ লাখ টাকা চুরি, প্রহরী গ্রেপ্তার

ওই প্রহরীকে চুরির ১৫ লাখ টাকাসহ রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 10:18 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

চট্টগ্রামে ‘নকল চাবি’ দিয়ে একটি বেসরকারি ব্যাংকের বুথের ড্রয়ার খুলে ১৭ লাখ টাকা চুরি করে পালানোর ঘটনায় সেখানকার নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার রংপুর সদর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া প্রায় ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার আইয়ুব আলী কক্সবাজার সদর উপজেরার বৈদ্যেরঘোনা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রোববার তাকে চট্টগ্রামে এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তথ্য নিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম। 

পুলিশের তথ্য বলছে, সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে গত বুধবার এ চুরির ঘটনা ঘটে। বুথটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার অধীনে ছিল। সেখানে মেন্যুয়ালভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফি জমা নেওয়া হত।

ওসি মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বুধবার দুপুরে নকল চাবি দিয়ে বুথের টাকা জমা নেওয়ার টেবিলের তালা খুলে এক হাজার টাকার ১৭টি বান্ডিলে ১৭ লাখ টাকা চুরি করে নিয়ে যায় আইয়ুব আলী। 

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার মামলার পরপরই পুলিশ কক্সবাজারে অভিযান চালায়। পরে রংপুরে তার অবস্থান জানতে পেরে পুলিশ সেখানে অভিযানে যায়। শনিবার বিকালে রংপুর সদর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।”

চুরির ১৭ লাখ টাকার মধ্যে আইয়ুব আলী আড়াই লাখ টাকার মত খরচ করেছেন। তার কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের মেমো পাওয়া গেছে বলেও তথ্য দেন ওসি।  

এদিকে বুথটির দায়িত্বে থাকা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলামের করা মামলায় বলা হয়, গত ২৪ জুন দুপুর ২টা ৫০ মিনিটে বুথ বন্ধ করে তিনি বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে খেতে যান। ৩টা ২৫ মিনিটের দিকে তিনি ফিরে এসে ক্যাশ গোনার সময় ড্রয়ারে আরও টাকা থাকলেও এক হাজার টাকার ১৭টি ব্যান্ডেল উধাও দেখতে পান। 

এ সময় সিসিটিভি ভিডিও পরীক্ষা করে দেখা যায়, নকল চাবি ব্যবহার করে কালেকশন বুথে প্রবেশ করেন প্রহরী আইয়ুব আলী। পাঁচ মিনিটের মধ্যে ড্রয়ার থেকে ১৭ লাখ টাকা নিয়ে সঙ্গে থাকা হলুদ রংয়ের টিস্যু ব্যাগের ভেতরে ভরে বুথ আটকে বের হয়ে যান তিনি।