১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইয়াবা নিয়ে শারজাহ যেতে বিমানবন্দরে, যাবজ্জীবন কারাদণ্ড

পরিচিতদের কাছে বিক্রি এবং নিজে সেবনের জন্য এসব ইয়াবা নিয়ে যাচ্ছিলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 04:52 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

পায় সাত বছর আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এই আদেশ দেন। 

দণ্ডিত ৩৭ বছর বয়সি মো. সোহেল চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার ধুরুং গ্রামের মো. শফির ছেলে। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বলেন, আসামি পলাতক। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।”

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১ জুন বিকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি প্রবেশ গেট সংলগ্ন এপিবিএন চেকপোস্টে সোহেলের হাতে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করেন এপিবিএন সদস্যরা। 

সেসময় সোহেলের কাছে থাকা স্কুল ব্যাগে ২ হাজার ৫টি এবং পায়ের ক্যাডসের ভেতর আরও ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছিল। তার কাছে শারজাহগামী একটি বিমানের টিকেট ছিল। 

জিজ্ঞাসাবাদে সোহেল বলেছিলেন, এসব ইয়াবা ট্যাবলেটসহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার কথা ছিল তার। সেখানে পরিচিতদের কাছে বিক্রি এবং নিজে সেবনের জন্য এসব ইয়াবা নিয়েছিলেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত এপিবিএন সদস্য এসআই মো. আবুল কালাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পতেঙ্গা থানায় সোহেলের বিরুদ্ধে মামলা করেন। 

মামলায় পাঁচ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেওয়া হল।