১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে আরো দুজনের মৃত্যু

চলতি মাসে করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বাড়তে থাকার পর জেলায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 03:00 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয়েছে।

চলতি মাসে করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বাড়তে থাকার পর জেলায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হল। 

সোমবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই রোগী নগরীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেলে তাদের মৃত্যু হয়।  

তাদের মধ্যে কাজী আবদুল আউয়ালের (৮০) বাড়ি নোয়াখালী জেলায়। আর রাবেয়া খাতুন (৯৫) থাকতেন চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার এলাকায়। 

সিভিল সার্জন বলেন, “দুজনই নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন, তাদের বেডশোর হয়ে গিয়েছিল। 

এ নিয়ে গত তিনদিনে চট্টগ্রাম জেলায় ৫ জনের মৃত্যু ঘটাল করোনাভাইরাস।

সিভিল সার্জন কার্যালয়ের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় জেলায় চার জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন নগরীর বাসিন্দা।

সরকারি-বেসরকারি ৭টি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়।

এ মাসে এখন পর্যন্ত জেলায় মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৯ জনই নগরীর। বাকি ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য নির্ধারণ করে দেওয়া হয়।