১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান, আটক ৬

“র‌্যালি চলাকালে ছয়জনকে আটক করেছি, তাদের কাছে চিন্ময়ের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড পেয়েছি।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 02:56 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে শোভযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদীঘি পাড় হয়ে নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জে এম সেন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রা চলাকালে সেখান থেকে ছয়জনকে আটক করার কথা জানিয়েছেন নগরীর কোতোয়ালী থানার ওসি আবদুল করিম। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন্মাষ্টমী উদযাপন পরিষদ আমাদের বলেছিল র‌্যালির সময় সজাগ থাকতে। সে কারণে আমরা এলার্ট ছিলাম যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। র‌্যালি চলাকালে ছয়জনকে আটক করেছি। তাদের কাছে চিন্ময়ের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড পেয়েছি।  

“তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব্।” 

তবে কোন স্থান থেকে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে ওসি কিছু জানাননি। 

এ বিষয়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকের কোন তথ্য আমাদের জানা নেই। আমরা বিষয়টা খোঁজ নিয়ে দেখছি।” 

শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন জানিয়েছেন, অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন তরুণ চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান দিয়েছিল। 

গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। 

পরে এ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন।

আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়।

সে সময় বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তখন তাদের ধাওয়া করে। 

ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। 

২৬ নভেম্বর আদালত ভবন এলাকায় সংঘর্ষ ও হামলা এবং আইনজীবী আলিফ হত্যার ঘটনায় হওয়া মোট ৫টি মামলায় গ্রেপ্তার হয়ে এখন পর্যন্ত কারাগারে আছেন চিন্ময়। এরমধ্যে আলিফ হত্যা মামলায় চিন্ময়কে আসামি করে আদালতে অভিযোগপত্রও জমা দিয়েছে পুলিশ।