Published : 08 Mar 2026, 10:01 PM
নারীর প্রতি সবরকম সহিংসতা বন্ধ করা এবং নারীর চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবসের এক কর্মসূচি থেকে।
‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র এই কর্মসূচির আয়োজন করে।
রোববার সকালে চট্টগ্রাম শিশু একাডেমি থেকে নারী দিবসের শোভাযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়।
সভায় সভাপতির বক্তব্যে বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ বলেন, “দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। এমনকি শিশুরাও পাশবিকতার শিকার হচ্ছে। সবার আগে নারীর প্রতি সবরকম সহিংসতা বন্ধ করতে হবে। অপরাধীদের দ্রুততম বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
“সম্প্রতি নারীরা চলাফেরা করতে গিয়েও নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে। যানবাহনে হয়রানির শিকার হচ্ছে। নানাভাবে ভীতি সঞ্চারের চেষ্টা করা হচ্ছে। এসব অপরাধ দমনে কঠোর হতে হবে সরকারকে।”
তিনি বলেন, “উত্তরাধিকারে সমতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হবে না। উত্তরাধিকারে সমতা প্রতিষ্ঠিত হলে নারীরা পায়ের নিচে মাটি পাবে, তাদের প্রতি সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”

প্রভাতি কমিউনিটি ফোরামের সভাপতি আনোয়ারা আলম বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও বাংলাদেশের সংবিধানে নারীর সমান অধিকার থাকলেও বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা, দারিদ্র, বৈষম্য ও পরিবেশগত বিপর্যয়ে নারীকে আরো ঝুঁকিপূর্ণ অবস্থায় পতিত করছে।
“জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীদের দারিদ্র ও বৈষম্য মোকাবেলায় নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান বিএনপিএসসহ অন্যান্য প্রগতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান মনে করে বাংলাদেশে এখনও বৈষম্যমূলক উত্তরাধিকার আইন বিদ্যমান রয়েছে।”
সভায় বক্তব্য রাখেন প্রভাতি কমিউনিটি ফোরামের সদস্য শ্যামলী শীল, বিএনপিএস এর উন্নয়ন কর্মকর্তা এরশাদুল করিম, কর্মসূচি সংগঠক তপন কান্তি দে, তানজিনা নূর, বিপ্লব দাশ, যুব সদস্য রিয়াজুল জান্নাহ মারজান, শারমিন আকতার, হুমায়রা তানহা।