২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটছিল ফেরদৌস রিসাইক্লিং, জরিমানা

গত ১৪ অগাস্ট ওই ইয়ার্ডে জাহজ কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৯ শ্রমিকের প্রাণ যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 02:31 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

বিষাক্ত গ্যাসে নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় আলোচিত সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে যখন এমটি রাসি নামের জাহাজটি কাটা হচ্ছিল, ততদিনে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ পেরিয়ে গিয়েছিল।

ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কাজ করায় ওই ইয়ার্ড কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এই জরিমানা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধিদপ্তরের চট্টগ্রাম এর পরিচালক জমির উদ্দিন। 

তিনি বলেন, পরিবেশ ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

“পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি করায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া স্ক্র্যাপ জাহাজটির পরিবেশ ছাড়পত্র নবায়ন করার আগ পর্যন্ত ওই জাহাজে সবরকম কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।”

জাহাজটি পরিদর্শন করে এবং আগে নেওয়া ছাড়পত্রের নথি পর্যালোচনা করে ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটার কাজ চলমান থাকার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর।

ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড জাহাজ কাটার জন্য সর্বশেষ পরিবেশগত ছাড়পত্র নিয়েছিল ২০২৫ সালের ১৩ অগাস্ট। ওই ছাড়পত্রের মেয়াদ ছিল ২০২৬ সালের ১২ অগাস্ট পর্যন্ত। 

ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার দুই দিন পর গত ১৪ অগাস্ট ওই ইয়ার্ডে এমটি রাসি নামের একটি পুরনো জাহজ কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৯ জন শ্রমিকের প্রাণ যায়।