১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবৈধ সম্পদের মামলায় চট্টগ্রামে একজনের কারাদণ্ড

“পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 05:01 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রামে এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ড এবং দুটি কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।

দণ্ডিত রুপম চৌধুরী (৪১) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে। রুপম নগরীর হালিশহর থানার মধ্যম নাথপাড়ায় থাকেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি রুপম চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে।

“পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ১২ এপ্রিল দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে রুপম চৌধুরী ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এর মধ্যে স্থাবর সম্পদ ৩৮ লাখ ২৩ হাজার ৪৩৯ টাকার এবং অস্থাবর সম্পদ ২৬ লাখ ৮৩ হাজার ৩৯১ টাকার।

এছাড়া রুপম চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলে দুদকের তদন্তে। 

এ ঘটনায় দুদক আইনে তার বিরুদ্ধে বিচার করা হয়েছে।