২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘শতভাগ আবাসনের দাবিতে’ চবির প্রশাসনিক ভবনে তালা ঝুলল ৮ ঘণ্টা

“আমি মনে করি, দাবি আদায়ের প্রক্রিয়াটি সুন্দর হয়নি,” বলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম।

‘শতভাগ আবাসনের দাবিতে’ চবির প্রশাসনিক ভবনে তালা ঝুলল ৮ ঘণ্টা
শতভাগ আবাসনের দাবিতে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তিনটি ফটকে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

`শতভাগ আবাসনের দাবিতে' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তিনটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন একদল শিক্ষার্থী। 

রোববার বেলা ২টার দিকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। রাত ১০টার দিকে তারা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়কে ২১ অগাস্ট পয়ন্ত সময় দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। 

আন্দোলনে অংশ নেওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহুদিন ধরে আমাদের হলগুলোতে আবাসন সমস্যা রয়েছে। যে পরিমাণ শিক্ষার্থী, সে অনুযায়ী আবাসনের ব্যবস্থা নেই। এ সুবিধা আমাদের প্রাপ্য।

কিন্তু শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিয়ে কোনো উদ্যোগ প্রশাসন নেয়নি দাবি করে তিনি বলেন, “আমরা দেখেছি বেআইনিভাবে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করছেন, যারা মেধার ভিত্তিতে হলে আসন পাননি। 

“আমরা এসব আর সহ্য করব না। এর প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেইটে তালা দিয়েছি।”

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, কয়েকজন শিক্ষার্থী এসে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। আমি মনে করি দাবি আদায়ের প্রক্রিয়াটি সুন্দর হয়নি।”

বিপ্লবী ছাত্র মৈত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি জশদ জাকির বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে এসেছি এবং এ প্রশাসনের কাছে এসব বিষয়ে আমরা একাধিকবার চিঠি ও স্মারকলিপি দিয়েছি, কিন্তু প্রশাসন আমাদের দাবির তোয়াক্কা করেনি। তাই প্রশাসনিক ভবনে তালা দিয়েছি, যেন কর্তৃপক্ষ আমাদের কথা শোনে।”