১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খেলায় চট্টগ্রামের জৌলুস কমে এসেছে: তামিম

এ পরিস্থিতি থেকে উত্তরণে ক্রীড়া সংগঠন, কোচ, খেলোয়াড় এবং প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ তার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 12:05 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

চট্টগ্রাম একসময় দেশের ক্রীড়াঙ্গণের অন্যতম প্রধান কেন্দ্র থাকলেও সময়ের সঙ্গে তা কমে এসেছে বলে মনে করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

রোববার বিকালে বন্দরের শহীদ ফজলুর রহমান মিলনাতনে ‘ফিউচার অব স্পোর্টস ইন চট্টগ্রাম‘শীর্ষক আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে তার এমন উপলব্ধির কথা তুলে ধরেন বলেন তিনি।

অনুষ্ঠনের বিষয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিম বলেন, চট্টগ্রাম থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য খেলোয়াড় উঠে এসেছে। কিন্তু সময়ের সঙ্গে বিভিন্ন কারণে সেই ধারাবাহিকতা কিছুটা কমে গেছে। 

এই পরিস্থিতি থেকে উত্তরণে ক্রীড়া সংগঠন, কোচ, খেলোয়াড় এবং প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে মনে করন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটা দেশ যখন খেলায় ভালো করে তখন ওই দেশকে পুরো বিশ্ব চেনে। তামিমদের মাধ্যমে দেশ প্রচুর পরিচিতি লাভ করেছে। খেলাধুলা হলো দেশের সফট পাওয়ার। 

“নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে পারলে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে স্পোর্টস ঘিরে।

‘‘আপনাদের কাছ থেকে শোনার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্ল্যানের মধ্যে কোনো ঘাটতি আছে কি না সেটা দেখার জন্য। আমাদের প্ল্যানটা আরও উন্নত করার সুযোগ আছে কি না।”

স্থানীয় সংগঠকরা চট্টগ্রামের ক্রীড়া অবকাঠামোর সীমাবদ্ধতা, খেলোয়াড় তৈরির অনুকূল পরিবেশের ঘাটতি এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ কমে যাওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, ক্রীড়া সংগঠক মো. হাফিজুর রহমান, সিরাজউদ্দিন মো. আলমগীর ও ইসরাফিল খসরু।