১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

“আকস্মিক তর্কাতর্কির জেরে খোরশেদকে পিটিয়ে খুন করা হয়।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 04:24 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খোরশেদ আলম (৪০) নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় শামসুল আলম (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির বলেন, “আকস্মিক তর্কাতর্কির জেরে খোরশেদকে পিটিয়ে খুন করা হয়।”

ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পেটাতে পেটাতে খোরশেদ আলমকে গুরুতর আহত করে নিস্তেজ অবস্থায় রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি জাহিদুল কবির বলেন, “স্থানীয় সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, তর্কাতর্কির এক পর্যায়ে তিনজন মিলে খোরশেদকে পেটাতে শুরু করে। তখন তিনি দৌড়ে চলে যাবার চেষ্টা করলে তাকে শামসুল তাকে ঝাপটে ধরে ফেলে। এরপর আবার পেটানো শুরু করলে মাথায় আঘাত লেগে খোরশেদ রাস্তায় লুটিয়ে পড়েন। এ অবস্থায়ও তাকে মারধর করা হয়। এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলে মারধরকারী তিনজন সেখান থেকে চলে যান।” 

হামলাকারী তিন জনের সঙ্গে খোরশেদের কথা কাটাকাটির কথা স্থানীয়দের কাছ থেকেও পুলিশ জেনেছে বলে ওসি জাহিদুল কবির বলেন। তবে কি নিয়ে কথা কাটাকাটি হয় সেটা জানা যায়নি।