১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চার সোনার বার নিয়ে গ্রেপ্তার দুজনকে ১৪ বছরের সাজা

চারটি সোনার বারের মোট ওজন ছিল ৪৬৬ গ্রাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 06:05 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

আট বছর আগে চারটি সোনার বার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেপ্তার দুই আসামিকে চোরাচালানের মামলায় ১৪ বছরের সাজা দিয়েছেন আদালত। 

চট্টগ্রাম মহানগরের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আফরোজা জেসমিন কলি বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডিতদের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। 

“রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।” 

দণ্ডিতদের মধ্যে ৩৪ বছর বয়সি মো. আরিফের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার লক্ষীপুর গ্রামে। আরেক আসামি ৩১ বছর বয়সি মো. রুবেলের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রামচন্দ্র পুর গ্রামে। 

ঘটনার সময় তারা দুজন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার নুপুর মার্কেটের দ্বিতীয় তলায় থাকতেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর রাস্তার মাথা অংশে অভিযান চালায় পুলিশ। 

নগরীর এ কে খান মোড় থেকে দুজন ব্যক্তি সোনার বার নিয়ে রওনা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। 

অভিযানে আরিফ ও রুবেলের কাছ থেকে কালো রঙের টেপে মোড়ানো দুটি করে স্বর্ণের বার পায় পুলিশ। চারটি স্বর্ণের বারের মোট ওজন ছিল ৪৬৬ গ্রাম। 

গ্রেপ্তার দুজন সেদিন পুলিশকে বলে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. ফারুক নামের এক ব্যক্তি নগরীর কোতোয়ালি থানার নিউ মার্কেট এলাকায় তাদের ওই চারটি স্বর্ণের বার দিয়েছিল। তার সেই সোনার বার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। 

এ ঘটনায় আকবর শাহ থানার এসআই মো. জাকের হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে চোরচালানের অভিযোগে মামলা করেন। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে। 

মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার তাদের দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।