১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বৈশাখী উৎসবে মেতেছে চট্টগ্রাম

নানা বয়সের, নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রঙিন হয়ে উঠেছে বাঙালির চিরায়ত এ উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 01:02 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

বর্ণিল আয়োজনে বাংলা পঞ্জিকার নতুন বছরকে বরণ করে নিল চট্টগ্রাম; বৈশাখের প্রথম দিন পুরাতন জীর্ণতা মুছে ফেলে নগরবাসী মাতল নতুনের আবাহনে।

মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রামের ডিসি হিল, সিআরবি শিরীষতলা, এনায়েতে বাজার মহিলা কলেজসহ বিভিন্ন এলাকা বৈশাখের আয়োজনে মুখরিত হয়ে ওঠে। নানা বয়সের, নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে বাঙালির চিরায়ত এ উৎসব। 

বর্ষবরণের দিনভর আয়োজনে রয়েছে গান, কবিতা পাঠ, কথামালা, নৃত্য, শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান। 

সকালে নগরীর সার্কিট হাউজ থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করে চট্টগ্রামের জেলা প্রশাসন। নানা রঙের মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে আয়োজিত শোভাযাত্রাটি নগরজুড়ে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ।

সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর ডিসি হিলে এসে শোভাযাত্রা শেষ হয়। র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানও শোভাযাত্রায় অংশ নেন।

সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ডিসি হিলে শুরু হয় গান, কবিতা আবৃত্তি ও দলীয় নৃত্য। বিভিন্ন সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে ডিসি হিল। রোদ উপেক্ষা করে রঙিন পোশাক পরে নানা বয়সী মানুষ আনন্দ উদযাপনে যোগ দেন। 

ডিসি হিলে পরিবার নিয়ে আসা কম্পিউটার প্রকৌশলী সুব্রত বড়ুয়া পিন্টু বলেন, “নববর্ষ বাঙালির চিরায়ত উৎসব। পুরাতন জীর্ণতা, কলুষতা ফেলে নতুন দিনের প্রত্যাশা করি এ নতুন বছরে।”

নগরীর সিআরবির শিরীষ তলায় সকাল থেকে ‘সম্মিলিত নববর্ষ উদযাপন পরিষদ’ এর ব্যানারে নতুন বছর বরণ অনুষ্ঠান চলছে। আবুত্তি, গান ও দলীয় নৃত্যের সঙ্গে কথামালাও রয়েছে এ আয়োজনে। সকাল থেকেই নানা বয়সী মানুষের ভিড় জমে শিরীষ তলার নববর্ষ উৎসবে।

এছাড়া এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল সাড়ে ৭টায় অপরাজিতা চৌধুরীর বেহালা বাদনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। 

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে একক আবৃত্তি, দলীয় সংগীত, একক সংগীত ও দলীয় নৃত্য। 

সোমবার রাতে সম্মিলন পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে চিত্রশিল্পীদের অংশগ্রহণে রাজপথে আলপনা আঁকা হয়। এছাড়া রোববার রাতে নগরীর সার্কিট হাউজ থেকে ডিসি হিল পর্যন্ত সড়কে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আলপনা আঁকা হয়। 

এর বাইরে নগরীর বোস ব্রাদার্স মোড়ে উদীচী শিল্পী গোষ্ঠী এবং জেএম সেন হলে বোধান আবৃত্তি পরিষদ নতুন বছর বরণের পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিভিন্ন সংগঠনের শিল্পীরা তাতে অংশ নিচ্ছেন। 

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতেও পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।  

নগরীর বিভিন্ন সংগঠন ছাড়াও হোটেলগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে।