২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের পদক্ষেপ চান চট্টগ্রামের মেয়র

“একজন মানবিক নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এই সময়ে তাদের পাশে দাঁড়ানো বিশ্বনেতৃত্বের নৈতিক দায়িত্ব।”

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের পদক্ষেপ চান চট্টগ্রামের মেয়র
বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান রোববার চট্টগ্রামের টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 03:26 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে বর্ণনা করে এ গণহত্যা বন্ধে বিশ্বনেতৃত্বের দৃঢ় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন। 

বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান রোববার চট্টগ্রামের টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মেয়র এ বিষয়ে কথা বলেন। 

শাহাদাত হোসেন বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। একজন মানবিক নাগরিক ও জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এই সময়ে তাদের পাশে দাঁড়ানো বিশ্বনেতৃত্বের নৈতিক দায়িত্ব।

“বাংলাদেশের জনগণ সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে ছিল এবং থাকবে। মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জাতি হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিকভাবে একাত্ম।”

সাক্ষাৎ শেষে মেয়র শাহাদাত ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে সংহতির প্রতীকী স্মারক উপহার দেন। 

রাষ্ট্রদূত ইউসুফ রামাদান চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামে বাংলাদেশের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ এ সময় উপস্থিত ছিলেন।