১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমরা আজ ঐক্যবদ্ধ নেই: মেয়র শাহাদাত

“জুলাই-অগাস্টের শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়।“

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 04:31 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

জুলাই আন্দোলনকারীদের মধ্যে অনৈক্যকে বড় সমস্যা হিসেবে দেখছেন চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন, “জুলাই-অগাস্টের আন্দোলনে ১৬ জুলাই চট্টগ্রাম থেকে তিনজন শহীদ এবং সারা দেশে আবু সাঈদসহ ছয়জন শহীন হন সেদিন। তাদের এই আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। 

“আজকে সবাইকে আমরা ঐক্যবদ্ধতার জায়গায় আনতে চাই। আজকে আমাদের ঐক্যবদ্ধতার বড়ই অভাব। আমরা আজ ঐক্যবদ্ধ নেই; এটাই আমাদের জন্য সবচেয়ে সমস্যা।” 

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, “জুলাই-অগাস্টের শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়। তাদের রক্তের ঋণ শোধ করা সম্ভব নয়, তবে তাদের পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

“চট্টগ্রাম সবসময় দেশের আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থেকেছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান—প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে চট্টগ্রামের মানুষের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।”

শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে দেশের কল্যাণে কাজ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, “আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

“বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই-অগাগস্টের চেতনাকে ধারণ করে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি শহীদ পরিবারের খোঁজখবর নিচ্ছেন, পুনর্বাসনের ব্যবস্থা করছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।”

চট্টগ্রাম সিটি করপোরেশন অতীতের মতো ভবিষ্যতেও জুলাই-অগাস্টের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান মেয়র।