‘বিষাক্ত গ্যাসে’ ৮ মৃত্যুর বিষয়ে তদন্ত প্রতিবেদন দেখে ব্যবস্থা: অর্থমন্ত্রী
জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করেছে; বিএসবিআরএ একটি কমিটি করেছে; আরেকটি করবে শিল্প মন্ত্রণালয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসের প্রভাবে আটজনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এদিন সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস নিঃসরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়। আহত হন পাঁচ জন।
হাসপাতালে আহতদের দেখতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এটা খুবই মর্মান্তিক। এ পর্যন্ত ৮ জনের লাশ মেডিকেলে এসেছে। বাকি খবর এখনো পাওয়া যায়নি। এখানেও আহত আছেন একজন। এটার জন্য তদন্ত কমিটি হতে যাচ্ছে।
“তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে-বিপক্ষে কিছু নাই। সরকারের দায়িত্ব হচ্ছে তদন্ত করে সঠিক তথ্যটা বের করে আনা। তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা।”
মন্ত্রী বলেন, “শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেবে। আমরা বলেছি, ওদেরকে ক্ষতিপূরণের কথা। সরকারের পক্ষ থেকেও আমরা কিছু দেব।”
শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিমধ্যে জেলা প্রশাসন ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
“আমাদের শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হবে। এখনো ওই শিপ ব্রেকিং ইয়ার্ডে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কাজ করছে। আগামীকাল আমরা পরিদর্শন করব।”
শুক্রবার রাত ৮টা পর্যন্ত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসের প্রভাবে ৮জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
