০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

পুলিশ বলছে, কভার্ড ভ্যানটি দ্রুতগতিতে ইউ টার্ন ঘোরার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 11:19 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

চট্টগ্রাম নগরীতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কক্সবাজারে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চালকসহ চার আরোহীর প্রাণ গেছে।

শনিবার রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় ওই দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন কক্সবাজার জেলার ঈদগাঁ ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার মিফতা, মোরশেদ, ফেরদৌস আলম ও কক্সবাজার সদরের নাপিতখুলি এলাকার মাইক্রোবাস চালক মো. হাসান।

কর্ণফুলী থানার এসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইক্রোবাসের যাত্রীরা নগরীর আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকায় ফিরছিলেন।

"গাড়িটি কলেজ বাজার এলাকায় পৌঁছালে একটি কভার্ড ভ্যান দ্রুতগতিতে ইউ টার্নে ঘোরার সময় পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত হন।"

এ ঘটনায় আহত আরো সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ী কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নেন।