Published : 20 Dec 2025, 08:48 PM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজায় চট্টগ্রামে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
শনিবার বিকালে নগরীর লালদীঘির মাঠে হয় সবচেয়ে বড় গায়েবানা জানাজা। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াড’ নামে আরেকটি সংগঠনের উদ্যোগে বিকালে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এছাড়া সন্ধ্যায় নগরীর বিপ্লব উদ্যানের সামনে থেকে ‘ভারতীয় আগ্রাসনবিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে’ মশাল মিছিল করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তি।
জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্য চট্টগ্রামের আহ্বায়ক আবরার হাসান রিয়াদ বলেন, “আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে। এই লড়াই যতদিন চলবে হাদি ভাইয়ের পক্ষে আমরা রাজপথে ততদিন স্লোগান তুলব।”

ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, “আমরা এই লালদীঘি ময়দান থেকে হাসিনার পতনের ডাক দিয়েছিলাম। একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতেও আমরা বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী খুনী সন্ত্রাসীদের উৎখাত করেই ছাড়ব।”
গায়েবানা জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পলোক আবাসিক এলাকা মসজিদের খতিব ইমরানুল হক সায়েম।
এরপর বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে ‘দিল্লি না ঢাকা, ঢাকা না ঢাকা,’ ‘এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি ঘরে ঘরে’ এর মত বিভিন্ন স্লোগান দেওয়া হয়।