১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের পথে নৌবাহিনীর ৮৫ সদস্য

লেবাননে মোতায়েন করা জাহাজ ‘বানৌজা সংগ্রাম’ এ যোগ দেবেন তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 08:14 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনিফিলে’ অংশ নিতে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল।

বুধবার তারা চট্টগ্রাম ছেড়েছেন বলে আন্তবাহিনী জনংসযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বিমানে নৌ সদস্যরা চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে যাত্রা করেন। তারা বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১৬) এর অধীনে লেবাননে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সংগ্রাম’ এ যোগ দেবেন।

এর আগে গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহর নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ নৌ সদস্যদের আরেকটি দল বাণিজ্যিক বিমানযোগে লেবাননে গেছেন। আগামী ২৭ নভেম্বর ব্যানকন-১৫ (ইউনিফিল) এর ১১০ জন নৌ সদস্য বাংলাদেশে ফিরে আসবেন বলেও জানিয়েছে আইএসপিআর।

বুধবার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম লেবাননগামী নৌসদস্যদের বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় দেন। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।

বর্তমানে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের ভূ-খন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি জাহাজটি লেবাননের জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ লেবাননে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছে।