১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখা সম্ভব: প্রতিমন্ত্রী আমিনুল

“দেশের বিভিন্ন অঞ্চলে থাকা বিকেএসপি কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 07:24 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

প্রতিমন্ত্রী বলেন, “আমরা সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই। আমরা চাই, আমাদের ভবিষ্যত প্রজন্ম, আমাদের যুব সমাজ, তারা যদি খেলার মাঠে থাকে, তাহলে যন্ত্র থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে পারব। 

“আমরা মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে পারব। সর্বোপরি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার বিকল্প নেই।”

প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেছেন। ইতোমধ্যে আঞ্চলিক পর্ব শেষ হয়েছে। শিগগিরই ফাইনাল রাউন্ড শেষ করে দ্বিতীয় নতুন কুঁড়ি স্পোর্টস সেপ্টেম্বর থেকে শুরু হবে ইনশাল্লাহ। 

“আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে, আমাদের যে ৮টি ইভেন্ট রয়েছে, সঙ্গে আরো দুটি ইভেন্ট সংযুক্ত করছি। এই ১০টি ইভেন্টে দ্বিতীয় নতুন কুঁড়ি স্পোটর্স শুরু হবে।”

পরে শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 

এই সভার বিষয়ে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়। 

সভায় প্রতিমন্ত্রী বলেন, “চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দেওয়া, নতুন প্রজন্মকে মাদক ও প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব জাতি গঠনের লক্ষ্যে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।”

বিকেএসপির কার্যক্রম আরো সম্প্রসারণের উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিকেএসপি কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এতে খেলোয়াড়দের পড়াশোনা ও প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব সরকার বহন করবে।”

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নগরীর পাহাড়তলী শহীদ শাহাজাহান মাঠে শহীদ জিয়া স্মৃতি উম্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।