নিজের বদলির আদেশের পর ৩ থানার ওসিসহ ৭ পরিদর্শককে বদলি সিএমপি কমিশনারের
সিএমপি কমিশনার হাসিব আজিজকে গত ১৬ মার্চ সিএমপি থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে বদলি করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ নিজের বদলির আদেশ পাওয়ার পর তিন থানার ওসিসহ সাত পরিদর্শকের পদে রদবদলের আদেশ দিয়েছেন।
বুধবার ওই আদেশে পাঁচলাইশ থানার ওসি আবদুল করিমকে বায়েজিদ বোস্তামী থানায় বদলি করে সে থানার ওসি মো. জাহেদুল কবিরকে নগর বিশেষ শাখায় পাঠানো হয়েছে।
খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে পাঁচলাইশ থানায় ও সিএমপির লাইনওয়ারে সংযুক্ত থাকা মো. আরিফুর রহমানকে খুলশী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া লাইনওয়ারে সংযুক্ত থাকা মোহাম্মদ আমির হোসেন জিয়াকে গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগে, জসিম উদ্দিনকে দক্ষিণ বিভাগে এবং শহর ও যানবাহন পরিদর্শক সাইফুর রহমানকে টিআই সিটি গেইটে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে ৬ ডিসেম্বর সিএমপির সব থানার ওসি পদে রদবদল করা হয়। তখন আরিফুর রহমানকে আকবরশাহ থানা থেকে সদরঘাট থানায়, জসিম উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানা থেকে চান্দগাঁও থানায় এবং জামির হোসেন জিয়াকে পাহাড়তলী থানা থেকে ডবলমুরিং থানায় বদলি করা হয়েছিল।
৩১ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের আদেশে আরিফুর, জসীম উদ্দিন ও জামির হোসেনকে থানা থেকে সরিয়ে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছিল।
সিএমপি কমিশনার হাসিব আজিজকে গত ১৬ মার্চ সিএমপি থেকে সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন এর প্রধান হিসেবে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্মস্থল ত্যাগের আগে তিনি ওসি পদে রদবদলের আদেশ দেওয়ায় কর্মকর্তাদের মধ্যে নানা ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওসি পদে রদবদলের বিষয়টি কমিশনারের এখতিয়ার। কমিশনার যে কাউকে যে কোনো সময় রদবদল করতে পারেন। কিন্তু নিজের বদলি আদেশের পর এভাবে ওসি পদে রদবদল সচরাচর করা হয় না।
