১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাইফুজ্জামানের চেক দিয়ে পৌনে ২ কোটি টাকা উত্তোলন, আরামিট পিএলসির এজিএম আটক

তার বিরুদ্ধে মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলন করার অভিযোগ করা হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 08:33 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে তার মালিকানাধীন কোম্পানি আরামিট পিএলসির এজিএম জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুদক।

বুধবার চট্টগ্রামের কালুরঘাট এলাকায় আরামিট পিএলসির অফিস থেকে তাকে আটকের তথ্য দিয়েছেন দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সুবেল আহমেদ।

দুদক বলছে, জাহাঙ্গীর আলম চারটি ব্যাংকের ১১টি চেকের মাধ্যমে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেন। এর মধ্যে ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ টাকা, সোনালি ব্যাংক থেকে ৩৬ লাখ টাকা এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলা হয়েছে। তার বিরুদ্ধে মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলন করার অভিযোগ করা হচ্ছে।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন বলছেন, গত এক সপ্তাহে এসব টাকা তোলা হয়েছে। জাহাঙ্গীর আলমকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৩ লাখ ৭৬ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।

চলতি বছরের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি একটি মামলা হয়। সাইফুজ্জামান ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তিসহ অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।

এ ছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। একই সঙ্গে তাদের নামে থাকা ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে।