Published : 29 Oct 2025, 08:10 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চলছে জোরেশোরেই।
শ্রেণিকক্ষ থেকে হল, কটেজ, ঝুপড়িসহ রেল স্টেশনে নিজেদের প্রচারপত্র নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে।
প্রচার-প্রচারণায় নতুনত্ব দেখা গেছে; কেউ নানা ধরনের লিফলেট আবার কেউ গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে তাদের প্রচারণা।
রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রচার চালাতে দেখা গেছে দুই স্বতন্ত্র প্রার্থীকে।
চাকসুর সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সংগীত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিকু এবং সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে নাট্যকলা বিভাগের উলফাতুর রহমান রাকিব তাদের প্রচারণা চালাচ্ছেন নাটকের মাধ্যমে।
রেল স্টেশনের শিক্ষার্থীদের সামনে নানা ধরনের কথা বলে তাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা।
জাহিদুল ইসলাম জিকুর ভাষ্য, নির্বাচনে তিনি কোনো পোস্টার, লিফলেট তৈরি করেননি। গান গেয়ে তিনি সাধারণ শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন।
ইউকুলেল বাজিয়ে গান করে শিক্ষার্থীদের কাছ থেকে ভোট চাইছেন তিনি।
জিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার টাকা-পয়সাও নাই, সেজন্য আমি কোনো লিফলেটও তৈরি করিনি। আমার শক্তি গান-বাজনা। আশা করি, এটা দিয়েই আমি সবার মন জয় করব।”
তিনি বলেন, “এখন সোশাল মিডিয়ার যুগ। এর মাধ্যমেই আমরা সহজে সবার কাছে পৌঁছে যেতে পারব। তাই আমরা আমাদের বার্তা সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই।”
জিকু বলেন, প্রার্থীরা যখন শিক্ষার্থীদের রুমে গিয়ে প্রচার-প্রচারণা চালায়, তখন ভোটারদের অনেককে বিরক্ত হতে দেখেছেন।
“তাই আমরা আমাদের প্রচারণা এভাবে ছড়িয়ে দিতে চাই। তারা তাদের সুবিধামতো আমাদের প্রচারণা দেখে নিতে পারবেন। ”
নির্বাচিত হলে তিনি টিএসসি নির্মাণের দাবি তুলবেন বলে জানালেন।
“পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের লোক সংস্কৃতিগুলো এখান থেকে বিভিন্ন স্থানে প্রদর্শন করব,”বলেন জিকু।
তার সাথে গানের তালে তালে নাচ ও কথার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজের ভোটের প্রচার করতে দেখা গেছে উলফাতুর রহমান রাকিবকে।
নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী বলেন, “আমার লিফলেট নিয়ে আমি যখন সবার রুমে গিয়ে প্রচার করতে যাই, তখন দেখি অনেক শিক্ষার্থী ভাইদের পরীক্ষা চলছে।
“আমার কারণে তাদের পড়ালেখায় মনোসংযোগ বিঘ্ন ঘটছে। তাই আমি ভিন্ন ধর্মী এ উদ্যোগ নিয়েছি।”
রাকিব বলেন, “যেহেতু আমরা নাট্যকলা এবং সংগীত বিভাগের ছাত্র, আমাদের ধর্মই হলো সাহিত্য সংস্কৃতির চর্চা করা। তাই আমরা ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছি।
“আমরা আজ রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা নিয়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছার চেষ্টা করেছি।”
তাদের সঙ্গে বিভিন্ন যন্ত্র বাজিয়ে সহযোগিতা করছেন সহপাঠীরা।
জিকু ও রাকিবের গানের সঙ্গে গিটার বাজাচ্ছেন সংগীত বিভাগের শিক্ষার্থী ক্যাপরিও চাকমা। হারমোনিয়াম বাজাচ্ছেন প্রত্যাশা চাকমা, যিনি নওয়াব ফয়েজুন্নেসা হল সংসদে সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন।
চাকসুতে ২৬টি পদের বিপরীতে নির্বাচন করবেন ৪১৫ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের বিভিন্ন পদে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।