Published : 07 May 2026, 09:02 PM
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ২২০ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
ই-অকশন পদ্ধতিতে এসব পণ্য বিক্রি হবে বলে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব র্বোডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মো. আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি ভাগে এসব কন্টেইারের নিলাম হবে। পণ্যের তালিকায় বিভিন্ন ধরনের রাসায়নিক ও যন্ত্রপাতি, পেপার, ফেব্রিক্স, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপস ও গাড়িও রয়েছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কন্টেইনারগুলো নিলামে তোলা হবে।
একটি ভাগে ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। ১৭ লটের আরেকটি ভাগে বিক্রি হবে ৬০ কন্টেইনারের পণ্য। নিলামে এসব পণ্যচালানের সংরক্ষিত মূল্য থাকছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। এমাসে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রাখা হয়েছে।
আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশান পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।