০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

‘৫০ লাখ টাকা’ না দিলে চট্টগ্রামে সাংবাদিককে ‘গুলি করার’ হুমকি

‘বড় সাজ্জাদের’ ছোট ভাই ডেভিড ইমন পরিচয়ে এ হুমকি দেওয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 08:48 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

বিদেশে পালিয়ে থাকা তালিকাভুক্ত সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ ছোট ভাই পরিচয়ে চট্টগ্রামের এক সাংবাদিকের কাছে ‘৫০ লাখ টাকা চাঁদা’ দাবি করা হয়েছে। টাকা না দিলে ‘গুলি করার’ হুমকিও দেওয়া হয়েছে।

বাংলা টিভির চট্গ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদক বিপ্লব এ হুমকির পর রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি অভিযোগ করেন, টাকা দিতে তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

বিপ্লব জন্মাষ্টমী উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

‘ডেভিড ইমন’ নামে এক ব্যক্তি শনিবার বিকালে হোয়াটসআপে সংযুক্ত আরব আমিরাতের একটি নম্বর থেকে ফোন করে তার কাছে চাঁদা দাবি এবং গুলি করার হুমকি দেওয়া হয় বলে কোতয়ালী থানায় করা সাধারণ ডায়রিতে তুলে ধরেছেন।

বিপ্লব দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফোন করা ব্যক্তি নিজেকে বড় সাজ্জাদের ছোটভাই ডেভিড ইমন পরিচয় দেয় এবং কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করার হুমকিও দেয়।

হুমকিতে বলা হয়, ‘‘টাকা না দিলে...সারা শরীর বোলতার বাসা বানাই ফেলব, এত গুলি করব যে ফ্যামিলির কেউ গুনতেও পারবে না। গুলি কিন্তু মানুষ চিনে না। যা করার ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে।‘‘

কোতয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সাংবাদিকের জিডির পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশের তালিকায় চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন খান ওরফে ‘বড় সাজ্জাদের’ সহযোগী ইমনের পুরো নাম মোবারক হোসেন ইমন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। তিনি ২০২৫ সালে নগরীর বাকলিয়া এলাকার ডাবল মার্ডার ও পতেঙ্গা সৈকতে ঢাকাইয়া আকবর হত্যাসহ সাতটি মামলার আসামি। 

নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, ইমন চট্টগ্রামে বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন অপরাধমূলক র্কাযক্রম পরিচালনা করছেন।