১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকসুতে ৪২৯ ও হল সংসদে ৫০২ জনের মনোনয়নপত্র জমা

কেন্দ্রীয় সংসদে ৫২৯ জন ও হল সংসদে ১ হাজার ১৬৪ জন মনোয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৪২৯ জন ও হল সংসদে ৫০২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রাত ৮টায় নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী এ তথ্য দিয়েছেন।

নির্বাচন কমিশনে তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত চাকসু নির্বাচনে ৫২৯ জন মনোয়নপত্র নিয়েছিলেন। হল সংসদে মনোনয়নপত্র নিয়েছিলেন ৬৩৫ জন। 

কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের জন্য মোট এক হাজার ১৬৪  জন মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছেন ৯৩১ জন। 

চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল মঙ্গলবার আর জমাদানের শেষ দিন ছিল বুধবার। 

তবে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান মনোনয়নপত্র সংগ্রহ ও বিতরণের সময় দুই দিন করে বাড়ানোর দাবি জানান। এ পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডেকে এক দিন করে বাড়ানোর সিদ্ধান্ত জানায়। 

সেদিন বিকাল পর্যন্ত মনোনয়নপত্র নেওয়ার এবং বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জমাদানের শেষ সময় নির্ধারণ করে কমিশন। 

নির্বাচন কমিশনের হিসাবে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ছাত্র হলের মধ্যে এএফ রহমান হলে ৩৮, আলাওল হলে ৩৩, অতীশ দীপঙ্কর হলে ৩৮, শাহ আমানত হলে ৪৩, শহীদ আবদুর রব হলে ৩১, শহীদ ফরহাদ হোসাইন হলে ৪৭, শাহজালাল হলে ৩৬, সোহরাওয়ার্দী হলে ৫৩, মাস্টার দা সূর্য্য সেন হল সংসদে ৩৭ জন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

এছাড়া ছাত্রীদের বিজয়-২৪ হলে ২৯ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩১, নওয়াব ফয়েজুন্নেসা হলে ১৭, প্রীতিলতা হলে ২৬, শামসুন নাহার হল সংসদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

রাতে নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ থাকলেও তা রোববার হবে। সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 

চাকসুর তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং পর দিন প্রার্থীতা নিয়ে আপত্তি গ্রহণ নিষ্পত্তি হবে। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

আগের খবর:

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র নেওয়ার সময় এক দিন বাড়ল