চিতা বিড়াল মিলল লোহাগাড়ায়
“চিকিৎসক যখন মনে করবেন ছাড়ার উপযুক্ত, তখন এটিকে সাফারি পার্কের জঙ্গলে অবমুক্ত করা হবে।”
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকা থেকে একটি চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে।
চুনতি বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে বুধবার প্রাণীটিকে উদ্ধার করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তারা।
উদ্ধারের পর চিতা বিড়ালটি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে রাখা হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে এটিকে অবমুক্ত করা হবে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারের পাশেই জঙ্গল আছে। সেখান থেকেই এটি ওই পাঁচতলা নির্মাণাধীন ভবনের নিচতলায় এসেছিল। চিতা বিড়াল সাধারণত ঝোপঝাঁড়, পুকুরপাড় ও বাঁশঝাড়ে থাকে।
“আমরা ওই স্ত্রী চিতা বিড়ালটি উদ্ধারের পর সাফারি পার্কে পাঠিয়েছি। সেখানে রেসকিউ সেন্টারে এটিকে রাখা হয়েছে। চিকিৎসক দেখবেন। তারপর যখন মনে করবেন ছাড়ার উপযুক্ত, তখন এটিকে সাফারি পার্কের জঙ্গলে অবমুক্ত করা হবে।”
চিতা বিড়াল বা লেপার্ড ক্যাটের বৈজ্ঞানিক নাম Prionailurus bengalensis। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুসারে, চিতা বিড়াল সংরক্ষিত প্রজাতির প্রাণী।
২০২১ সালের ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারবেশন অব নেচারের (আইইউসিএন) বিপন্ন প্রজাতির প্রাণীর লাল তালিকায় রয়েছে চিতা বিড়ালের এই প্রজাতিটি।
