Published : 01 Dec 2025, 12:02 AM
ক্ষেপণাস্ত্রের ‘সফল উৎক্ষেপণের’ মধ্য দিয়ে বঙ্গোপসাগরে শেষ হয়েছে নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া।
রোববার গভীর সমুদ্রে অনুষ্ঠিত এ মহড়ায় উপস্থিত ছিলেন অর্ন্তবর্তী সরকারের চার উপদেষ্টা— জাহাঙ্গীর আলম চৌধুরী, আসিফ নজরুল, সৈয়দা রিজোয়ানা হাসান ও আদিলুর রহমান খান। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও উপস্থিত ছিলেন।
‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ‘ থেকে অতিথিরা সমাপণী দিনের মহড়া দেখেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পাঁচদিনের এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুইপার, পেট্রোল ক্রাফ্ট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার ও বিশেষায়িত ফোর্স সোয়াডস্ অংশ নেয়।
এছাড়া বাংলাদেশ বিমানবাহিনী এবং কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ধাপে পরিচালিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহের মধ্যে নৌ বহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিষ্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া অন্তভুর্ক্ত ছিল।
শেষদিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ্ চার্জ ফায়ারিং, ইউএভি অপারেশন, নৌ-কমান্ডোদের মহড়া, হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার এবং নৌ যুদ্ধের বিভিন্ন রণকৌশল।