১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের তারুণ্যের সমাবেশে তামিম, বললেন ‘আবারও দেখা হবে’

চট্টগ্রামের খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন তিনি।

চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের তারুণ্যের সমাবেশে তামিম, বললেন ‘আবারও দেখা হবে’
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শনিবার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের `তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে' বক্তব্য দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 08:59 AM

Updated : 26 Aug 2026, 12:41 PM

চট্টগ্রামে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বললেন, তরুণদের জমায়েতে এত মানুষ দেখে তিনি খুবই খুশি। দিলেন আবারও দেখা হওয়ার প্রতিশ্রুতি।

শনিবার বিকালে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আয়োজন করা হয়। 

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সমাবেশে ক্রিকেটার চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল অংশ নিয়ে বক্তব্য দেন। তিনি বক্তব্য দিতে গেলে উপস্থিত দলীয় নেতাকর্মীরা তাকে বিপুল করতালি দিয়ে অভিবাদন জানান। 

তামিম বলেন, “আমি পলিটিক্যাল কেউ না, আমি একজন স্পোর্টসম্যান, একজন চিটগনিয়ান, একজন ক্রীড়ামোদী ও একজন প্রাউড বাংলাদেশি। আমি আজকে এ জায়গায় দাঁড়িয়ে চিটাগংয়ের স্পোর্টস সম্পর্কে কিছু বলতে চাই।

“একটা সময় এমন ছিল ক্রিকেট, ফুটবল যেকোন স্পোর্টস ইভেন্ট বলেন চট্টগ্রাম থেকে ছয়জন-সাতজন ন্যাশনাল টিমে থাকত। ১০/১৫ বছর ধরে দেখছি হার্ডলি একজন বা দুইজন- ক্রিকেট বলেন, ফুটবল বা অন্য কোন স্পোর্টসের ইভেন্টের ন্যাশনাল টিমে থাকে।”

কী কারণ এটা খুঁজে বের করা গুরুত্বপূর্ণ তুলে ধরে সাবেক অধিনায়ক তামিম বলেন, কেন চট্টগ্রামের মত এত বড় জায়গা থেকে খলোয়াড় বের করা যাচ্ছে না।

“আমাদের এটা মেনে নিতে হবে, আমাদের কী ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি। এটা আমরা বের করে আনব ইনশআল্লাহ। দেখবেন যে আজ থেকে ১০-১৫-২০ বছর আগে যেভাবে চট্টগ্রাম থেকে যেভাবে প্লেয়ার প্রডিউস করত সেভাবে ফিরে যাব। আমরা আবারও সে অবস্থায় ফিরে যাব।”

তিনি বলেন, “হুম্মাম (হুম্মাম কাদের চৌধুরী) ভাই, হেলাল ভাই (মীর হেলাল), ইসরাফিল ভাইয়ের (ইস্রাফিল খসরু) সঙ্গে কথা হয়, কীভাবে করে স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। আমি শিওর উনারা যখন সুযোগ পাবেন তাদের সবচেয়ে বেস্ট ট্রাই করবে সকল খেলার জন্য।” 

ক্রিকেট,-ফুটবল সবকিছুই আগের দিনে ফিরে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, “আমার বেশি কথা বলা উচিত না, আমি অসুস্থ ছিলাম। মাত্র রিকভার করছি। এত মানুষ দেখে আমি খুব খুব খুশি। আপনাদের সাথে আবারও দেখা হবে।”