Published : 19 Jan 2026, 08:16 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনের পদত্যাগ দাবি করেছে এনসিপি।
সোমবার বিকালে ষোলশহর বিপ্লব উদ্যানে সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন দলটির নেতারা।
দলের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে শাহাদাত হোসেনের বহাল থাকা নিয়ে জনমনে অস্থিরতা এবং ভোটারদের মধ্যে উদ্বেগ কাজ করছে।”
সিটি করপোরেশনের মেয়র পদে থেকে শাহাদাত হোসেন বিএনপি প্রার্থীদের বিভিন্ন প্রচারে অংশ নিচ্ছেন অভিযোগ করে এরফান বলেন, “বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় চারটি সংসদীয় আসনের প্রত্যেকটিতে বিএনপির প্রার্থী রয়েছে। এ বাস্তবতায় বিএনপি মনোনীত একজন ব্যক্তি যদি মেয়র পদে বহাল থাকেন, তাহলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বলতে কিছু থাকে না। এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে।
“নির্বাচনে নিরপেক্ষতা রক্ষার স্বার্থে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অনেক অগেই তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। এ বাস্তবতায় চট্টগ্রাম সিটি মেয়রকেও পদত্যাগ করতে হবে।”
অপর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দীন বলেন, “ফ্যাসিবাদবিরোধী অন্দোলনের শাহাদাত হোসেনের অনেক অবদান আছে, সেজন্য তাকে আমরা সম্মান করি। তিনি আদালতের রায়ে মেয়র হয়েছেন। আমরা চাই তিনি জনগণের রায়ে আসুন।
“আগামী ২৭ জানুয়ারি তার পদের মেয়াদ শেষ হবে। ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু হবে। পদে থেকেই তিনি বিএনপির পক্ষে ভোট চাচ্ছেন। সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।”
পদে থেকে শাহাদাত হোসেন দলীয় প্রচার চালালে আন্দোলন করার হুঁশিয়ারি দেন এ এনসিপি নেতা।