১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোবাইল থেকে দূরে রাখতে শিশুদের জন্য চলচ্চিত্র প্রদর্শনী

“স্কুলেও বাচ্চারা খেলতে পারে না,  মাটিতেও আছাড় খায় না, শরীরও নড়ে না, ব্যাথাও পায় না,” বলেন রাজীব দাশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 12:30 AM

Updated : 26 Aug 2026, 02:37 PM

শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে চট্টগ্রামে নগরীতে আয়োজন করা হল চলচ্চিত্র প্রদর্শনীর, যার আরেক লক্ষ্য খেলার মাঠ বঞ্চিত শিশুদের চলচ্চিত্রমুখী করা। 

‘মোবাইল থেকে দূরে থাকি, চল আমরা ফিল্ম দেখি’-এই শিরোনামে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে চট্টগ্রাম ‘ক্লাসিকাল মিউজিক ইনস্টিটিউট-সিসিএমআই’।

শুক্রবার নগরীর লালদীঘি পাড়ে জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী। 

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগীত চিন্তক হিসেবে পরিচিত অঞ্জন কুমার বলেন, “শিশু-কিশোরদের মনোজগতের বিকাশে শিশুতোষ চলচ্চিত্র অগ্রণী ভূমিকা পালন করে।

“ইলেকট্রনিক্স ডিভাইসের আগ্রাসনের কারণে শিশুদের মানসিক ও দৈহিক ক্ষতি হচ্ছে।”

শিশুদের জন্য চলচ্চিত্র প্রদর্শনীর পরিকল্পনাকারী রাজীব দাশ বলেন, “এখন শিশুরা কোথাও খেলতে পারে না। এরা সারাক্ষণ মোবাইলে আসক্ত থাকে। বর্তমানের স্কুলগুলো ঊর্ধ্ব- সম্প্রসারণমুখী। তাই স্কুলেও বাচ্চারা খেলতে পারে না,  মাটিতেও আছাড় খায় না, শরীরও নড়ে না, ব্যাথাও পায় না। 

“মোবাইল নামক দানব থেকে বাচ্চাদের একটু দূরে রাখার মানসে এই প্রদর্শনীর আয়োজন।”

সাহিত্যিক মাসুম খান বলেন, “মোবাইল থেকে দূরে থাকি, চল ফিল্ম দেখি-এই টাইটেল দেখে আমার এই অনুষ্ঠানে আসা। মোবাইলের প্রতি আসক্তি শুধু বাচ্চাদের কমালে হবে না, আগে বড়দের কমাতে হবে। বাচ্চাদের খেলার মাঠে ফিরিয়ে নিতে হবে।”

চিত্রশিল্পী দীপক দত্ত বলেন, “সুস্থ থাকার জন্য খাদ্যপ্রাণের যেমন সুষমবন্টন দরকার তেমনি শিশুদেরও দৈহিক ও মানসিক বিকাশে শিল্পের সুষমবণ্টন থাকা চাই। শিশুকে খেলতে হবে এবং সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে।”

প্রদর্শনীর মূল পরিকল্পনাকারী কল্লোল বড়ূয়া বলেন, কার্টুন ও এনিমেশন-ধর্মী স্বল্প দৈর্ঘ্যের ৬টি বিদেশি ছবি দেখানো হয়েছে। এই ফিল্মগুলো দেখে শিশুদের মধ্যে পরস্পরের প্রতি সহমর্মিতার গুণাবলীর বিকাল হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী মো. ওয়াসিম।

শিশুদের জন্য এই প্রদর্শনীতে ছিল ছয়টি চলচ্চিত্র- ‘Sprite Fright by Blender Studio’, ‘The Present’, ‘The Fox and the Bird’, ‘Carrot Crazy’, ‘Trouble Brewing’ ও ‘Little Hiawatha’।