Published : 19 May 2026, 08:08 PM
ভূমি ব্যবস্থাপনায় জনগণের ভোগান্তি লাঘবে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’ স্লোগান সামনে রেখে সারাদেশের মত চট্টগ্রামেও শুরু হয়েছে তিন দিনের ভূমিসেবা মেলা।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন।
এরপর চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে, ফিতা কেটে এবং শোভাযাত্রার মাধ্যমে বিভাগীয় এবং জেলা পর্যায়ে মেলার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, “আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা। বাংলাদেশে বেশ কিছু সেবা ডিজিটালাইজড হয়ে যাওয়ার কারণে অনেক সেবা নিতে এখন আর অফিসে যেতে হয় না। ভূমি সংক্রান্ত সেবা পেতে জনগণকে যাতে অফিসে যেতে না হয় এবং সুবিধামত সময়ে একটি ডিভাইস ব্যবহার করে সহজেই সেবাগুলো নিতে পারেন, সে লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও অধীনস্থ অফিসগুলো কাজ করে যাচ্ছে।
“এই মেলার মাধ্যমে আমরা ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা হয়রানিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে প্রদান করব। মেলায় এসে জনগণ যে সেবাগুলো পাবেন, অফিসগুলোতেও সেভাবে সেবা পাবেন।”
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা জনগণের দাবি। সেই দাবি বাস্তবায়নে সরকার ও আমরা বদ্ধ পরিকর।”
মেলায় ৫ জন ভূমিহীনকে কৃষি খাসজমি বন্দোবস্তের কবুলিয়ত ও সেবা প্রত্যাশীদের হাতে খতিয়ান বিতরণ করা হয়।
এছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ‘অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সিস্টেম: পরিবর্তন, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ অতিথিরা।