Published : 28 Aug 2025, 02:28 PM
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
বুধবার গভীররাতে রাজারহাটের খুরুশকুল ইকোপার্কের কাছে এ ঘটনা ঘঠে।
নিহত মোহাম্মদ রুবেল (৩০) ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় মোট সাতটি মামলা রয়েছে।
ভোরে তার লাশ উদ্ধারের কথা জানিয়ে রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, খুরুশকুল ইকোপার্কের কাছে রুবেলের বাড়ির একশ গজ দূরে একটি ঘরের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
তিনি বলেন, “রুবেল ওই বাড়িতে মাঝেমধ্যে গিয়ে রাতে থাকত। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গুনিয়া থানায় তিনটি ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারটি মামলা রয়েছে।”
রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।