Published : 19 Feb 2026, 09:12 PM
ছিন্নমূল আর বিত্তবানদের এক টেবিলে বসিয়ে ইফতারের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
রোজার প্রথম দিন বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে এ ইফতার আয়োজন করা হয়। সেখানে রোজার মাসজুড়ে চলবে এই আয়োজন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ সামাজিক বৈষম্য ভেঙ্গে এক কাতারে ইফতার ও সেহরি করবে ন।
বিপ্লব উদ্যানে বড় প্যান্ডেলে টেবিল বসিয়ে একসঙ্গে হাজারখানেক মানুষের ইফতার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বৃহস্পতিবার এ আয়োজন উদ্বোধন করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান জামাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অভাবী। রমজান মাসে সেহরি ইফতার নিয়ে তাদের চিন্তা বেড়ে যায়। অনেক মানুষ শুকনো মুড়ি আর পানি খেয়ে রোজা ভাঙেন।
“আবার নিম্ন মধ্যবিত্ত অনেকেই আছেন তারা ভালো একটু ইফতার সেহরি জোগাড় করতে হিমশিম খান। মূলত তাদের জন্যই এই আয়োজন।”
সারা মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরি করানো হবে বলে ভাষ্য জামাল উদ্দিনের।
ইফতার আয়োজনের উদ্বোধন করে মেয়র শাহাদাত হোসেন বলেন, “বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে ধনী দরিদ্রের ভেদাভেদ কমাতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সিটি করপোরেশন পাশে থাকবে।
চট্টগ্রাম ছাড়াও ঢাকা, রাজশাহী ও কুড়িগ্রামেও এ আয়োজন চলছে। মাসজুড়ে তিন লাখ মানুষের ইফতার ও সেহরির ব্যবস্থা করার কথা বলছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।