চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু
নিহত সালাউদ্দিন মিরসরাই উপজেলা শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মিরসরাই অর্থনৈতিক জোন সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মো. সালাউদ্দিন (৩৮) মিরসরাই উপজেলা শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মিরসরাই থানার এসআই সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটরসাইকেল চালিয়ে ইকোনমিক জোনের দিকে যাওয়ার পথে মাস্টারপাড়া এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে চেয়েছিলেন সালাউদ্দিন।
“এসময় বিপরীত দিকে থেকে আসা একটি পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।”
খবর পেয়ে পুলিশ লাশ হেফাজতে নিয়ে গাড়ি দুটি আটক করেছে বলে জানান এসআই সাইদুর।
